কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চললেও, মাধ্যমিকে বন্ধ ছিল পরীক্ষা
বিশেষ প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চললেও, মাধ্যমিকে বন্ধ ছিল পরীক্ষা। সারা দেশে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বলি হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা গ্রহণ কার্যক্রম চললেও সরকারি মাধ্যমিকে গত দুই দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ বন্ধ রেখেছেন সহকারী শিক্ষকরা। জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে শিক্ষকদের ডাকা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা একত্মতা জানালেও শিশু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছেন সহকারী শিক্ষকরা। তবে চিলমারী ও রৌমারী উপজেলার কয়েকটি স্কুলে পরীক্ষা নেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রৌমারীতে কয়েকটি স্কুলে শিক্ষা অফিসার ও অভিভাবকরা দায়িত্ব পালন করে পরীক্ষা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে গেলেও তারা পরীক্ষা কার্যক্রমে অংশ না নিয়ে লাইব্রেরিতে অবস্থান করেন। পরিস্থিতির বাস্তবতায় উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম প্রধান শিক্ষক ও অবিভাবকদের সঙ্গে নিয়ে পরীক্ষা চালিয়ে নিয়েছেন।