কুমিরের কুকুর ভক্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

খুলনা প্রতিনিধি:
কুমিরের কুকুর ভক্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি কুকুরটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। এরই মধ্যে তদন্তকাজ শুরু করেছে কমিটি। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘প্রাণীটির শরীরে কুমিরের আঘাত ছাড়া আর কোনও আঘাত আছে কিনা, তাও দেখা হচ্ছে। তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যা পাবে, তার ওপর ভিত্তি করে দ্রুতই (আজকেই) প্রতিবেদন দিয়ে দেবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী বলেন, ‘কুকুরটি মাথার স্যাম্পল ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পারীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেখান থেকে রিপোর্ট পেলে কুকুরটি অসুস্থ ছিল কিনা বা জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল কিনা—বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।’

গত ৮ এপ্রিল মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ভিডিও ও ছবি শেয়ার করে কেউ লিখছেন, কুকুরটিকে পা বেঁধে ফেলা হয়েছে কুমিরকে খাওয়ানের জন্য। কিন্তু মাজারের খাদেমদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, কুকুরটিকে কুমিরের খাবার হিসেবে দিঘির পানিতে ফেলা হয়েছে, এমন দাবি একেবারে মিথ্যা।

শিরোনাম