বিশেষ প্রতিনিধি:
গুলি ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পায়ের রগ কেটে ও গুলি করে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রুনাই প্রবাসী দেলওয়ার হোসেন নয়ন। যিনি এক মাস আগে দেশে ফিরেছিলেন। অপরজনের নাম সালেহ আহমেদ। তিনি সাবেক ইউপি সদস্য।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে নিহত সালেহ আহমেদের পরিবারের সঙ্গে আলাউদ্দিন মেম্বারের গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিনের। কয়েক মাস আগে সালেহ আহমেদের পরিবারের হামলায় আলাউদ্দিন মেম্বার মারা যান। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিন মেম্বারের সহযোগী ও পরিবারের লোকজন এলাকায় প্রবেশ করে। আজ দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তারা নিহত হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।’