খুলনা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের বাড়ি ঝিনাইদহে। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে পাঁচ জনের বাড়ি ঝিনাইদহে। তাদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। মর্মান্তিক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন এলাকার পাঁচজনের মৃত্যুতে গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনায় ১২ জন নিহত হন।
ঝিনাইদহের নিহত পাঁচ জন হলেন. মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭), তার দুই শিশুসন্তান খাদিজা (৫) ও মরিয়ম (৩), ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন। তারা ঈদুল ফিতরের নামাজ শেষ করে রবিবার ভোরবেলা ঝিনাইদহ থেকে মামুন পরিবহনের একটি বাসে নোয়াখালীতে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।