কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হলো দুই শিশু

কুষ্টিয়া প্রতিনিধি:
নদীতে গোসলে নেমে নিখোঁজ হলো দুই শিশু। কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা উপজেলার ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। তাদের সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসলে নামে চার কন্যাশিশু। তারা সাঁতরে মাঝ নদীতে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করলে পানির স্রোতে ভেসে গভীর পানিত তলিয়ে যায়। এ সময় খেয়া ঘাটে থাকা ডিঙি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়াকে (৮) জীবিত উদ্ধার করলেও তাইফা (৭) ও সুরাইয়া (৮) এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা। তারা একে অপরের আত্মীয়। উদ্ধার হওয়া শিশু সামিয়া জানিয়েছে, তারা চার জন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে মাঝের চরের দিকে যাচ্ছিল। এমন সময় স্রোতে ভেসে যায় সবাই।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান চালানো হবে।

শিরোনাম