সংবাদ জমিন রিপোর্ট:
নিখোঁজ মা-মেয়ের লাশ মিললো গৃহশিক্ষিকার বাসায়, আটক-৩। ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে এক কিশোরী ও তার মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক ইলিয়াস হোসাইন এ তথ্য জানান। নিহতরা হলেন, জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩১)। গত ২৫ ডিসেম্বর থেকে তারা নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার গৃহশিক্ষিকা মিম আক্তার, তার স্বামী হুমায়ূন ও বোনকে (১৫) আটক করা হয়েছে।ইলিয়াস হোসাইন বলেন, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী এলাকায় গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে রোকেয়া রহমানও নিখোঁজ হন। স্ত্রী ও সন্তানকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ ডিসেম্বর শাহিন আহমেদ একটি জিডি করেন।