জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে আন্তঃস্কুল ফুটবল খেলায় টাইব্রেকারের সময় দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলা পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতায় নির্ধারিত সময় শেষে গোল সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেন কমিটি। এ সময় বড়তারা গোলে এগিয়ে গেলে দু’পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা- কাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয়। এতে পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বড়তারা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর আক্রমণ করে। এতে বড়তারা উচ্চ বিদ্যালয়ের ৪ জন খেলোয়াড় আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলো, দশম শ্রেণির ছাত্র আইয়ুব হোসেন ও দিগন্ত সরকার এবং অষ্টম শ্রেণির ছাত্র সিজান ও রুদ্র চন্দ্র। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।