সংবাদ জমিন রিপোর্ট:
খালেদা জিয়ার লন্ডনযাত্রায় বিলম্ব,ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেতা-কর্মীদের। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। কথা ছিল শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার আগেই তিনি এভারকেয়ারে পৌঁছাবেন এবং দুপুর নাগাদ বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। কিন্তু জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি শুক্রবার বেলা পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে তিনি বিমানবন্দরে থাকতেই বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, দলীয় চেয়ারপারসনের জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি ত্রুটি থাকায় শুক্রবার ঢাকায় অবতরণ করতে পারছে না। তাই খালেদা জিয়ার লন্ডনযাত্রা বিলম্বিত হতে পারে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শনিবার (৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আর খালেদা জিয়াকে রবিবার (৭ ডিসেম্বর) নাগাদ লন্ডন নেওয়া হতে পারে।