গণমাধ্যমের কাজে বাধা ও ফোন চেক করার নিন্দা জানালেন হাসনাত

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নাগরিকদের মোবাইল ফোন চেক করে প্রাইভেসি লঙ্ঘন, গণমাধ্যমের কাজে বাধা এবং ট্রাফিক কন্ট্রোলের নামে অযথা হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক বার্তায় বলেন, চলমান কর্মসূচিকে ঘিরে বেশ কিছু বিষয় আমাদের নজরে এসেছে। এর মধ্যে রয়েছে গণমাধ্যমের বন্ধুদের পেশাদারি কাজে বাধা প্রদান, রাস্তার মধ্যে মোবাইল চেক করার মতো প্রাইভেসি লঙ্ঘন এবং ট্রাফিক কন্ট্রোলে হয়রানি। আমরা কেবল নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। ছাত্রলীগ যখন ফোন চেক করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করেছিল আমরা সে বিষয়ের প্রতিবাদ জানিয়েছি। আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছেন- এটাকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং এটির প্রতিবাদ করছি। হুঁশিয়ার করতে চাই- আপনারা এ ধরনের কাজের আর কখনো পুনরাবৃত্তি করবেন না। তিনি বলেন, ধানমন্ডি ৩২ এ অনেক গণমাধ্যমকর্মীকে ছবি ও ভিডিও ফুটেজ নিতে বাধা দেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন। যারা মত প্রকাশ করতে চায় এবং দ্বিমত প্রকাশ করতে চায় উভয়েরই স্বাধীনতা থাকা প্রয়োজন।

শিরোনাম