ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিউল ইসলাম নয়ন (৩২) নামের এক ব্যক্তিকে চার হাত-পা কেটে বিচ্ছিন্ন করে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় ঢাকার সোহ্রাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর গতকাল ভোরবেলায় তার মৃত্যু হয়। নিহত নয়ন উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে।
জানা গেছে, নিহত নয়ন ২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় রাওনা গ্রামের হুমায়ূন কবীর হত্যা মামলার প্রধান (১ নম্বর) আসামি ছিলেন। এ মামলায় প্রায় ২১ মাস কারাভোগের পর জামিন পেয়ে গত দুই বছর আগে হুমায়ূন এলাকায় আসে। এ হত্যা মামলার আগে প্রায় ১১ বছর সে দুবাই প্রবাসী ছিল। নিহতের স্বজন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নয়ন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় গফরগাঁও শহরে যাওয়ার উদ্দেশ্যে। তিনি গফরগাঁও শহর থেকে দেড় কিলোমিটার দূরে গফরগাঁও-ভালুকা সড়কের গণ্ডগ্রাম এলাকার ফারুকের রাইস মিল এলাকায় পৌঁছলে পিছন দিকে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে পিছন থেকে ৩টি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা ৫ জন সন্ত্রাসী এসে রামদা দিয়ে কুপিয়ে তার চার পাত-পা কেটে ফেলে। পেটেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
নিহতের ভাই শরীফুল ইসলাম জানান, তার ভাই গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় প্রায় ৪০ মিনিট রাস্তায় পড়েছিল। সন্ত্রাসীদের ভয়ে কেউ তাকে উদ্ধার করেনি।এ ব্যাপারে মামলা হয়েছে।