গাইবান্ধায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা
গাইবান্ধা প্রতিনিধি:
ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ভ্যানযাত্রীকে পথরোধ করে ছিনতাইয়ের অভিযোগের জেরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় কোনও নামীয় আসামি উল্লেখ না করে অনির্দিষ্ট সংখ্যক গ্রামবাসীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহত লেবু মিয়া ওরফে ভন্ডলের মা ফুলমতি বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি জানান, নিহত ভন্ডলের মা লিখিত অভিযোগ দিলে তা আমলে নিয়ে হত্যা মামলা রুজু করা হয়। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।