বিশেষ প্রতিনিধি:
প্রকাশ্যে কাটা হলো যুবকের কবজি । গাইবান্ধায় প্রকাশ্য দিবালোকে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের ডান হাতের কবজি কেটে নেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রুবেলের সঙ্গে থাকা বন্ধু মোশারফ রহমানও আহত হন। ঘটনার পরপরই বাবুসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত এ হামলার খবরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কবজি বিচ্ছিন্ন অবস্থায় গুরুতর আহত রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মুহুরি পাড়ার বাসিন্দা ও স্থানীয় মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। কাটা কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাবুসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা যাচ্ছে না। আইনি ব্যবস্থা নেওয়া হবে।