গাজীপুর প্রতিনিধি
আসামি ধরতে গিয়ে ৭ পুলিশ আহত, গ্রেফতার-৪। গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। অভিযোগ উঠেছে, আসামিদের স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়েছে ও তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
রবিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে হওয়া এ ঘটনায় এক নারীসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন এসআই এবং বাকি ছয় জন কনস্টেবল। আহতরা টাঙ্গাইল সদর থানা এবং শ্রীপুর থানার কর্মরত রয়েছেন। এ ঘটনায় অপহরণ মামলার দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নিজমাওনা গ্রামের মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিল (২২)। পাশাপাশি হামলার ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাবা-ছেলে টাঙ্গাইল সদর থানায় করা একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বর্তমানে সবাই শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই তাজুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন, বাচ্চু মিয়া, কামরুল হাসান, ফাতেমা আক্তার, মোজাম্মেল হোসেন এবং হাসানুর রহমান।