গাজীপুরে শুটিংয়ের কথা বলে মডেল কন্যাকে ডেকে নিয়ে গণধর্ষণ, অভিযানে আটক-১৮
গাজীপুর প্রতিনিধিঃ
শুটিংয়ের কথা বলে মডেল কন্যাকে ডেকে নিয়ে ধর্ষণ, অভিযানে আটক–১৮। গাজীপুরের শ্রীপুরে ‘রাস রিসোর্টে’ মডেলিং করা এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই নারীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোনও ধরনের বৈধ কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা জরিমানা করে রিসোর্টটি সিলগালা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের ‘রাস রিসোর্টে’ অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভুক্তভোগী তরুণী একজন মডেল। তিনি চট্টগ্রামের বাসিন্দা। বর্তমানে রাজধানীর মীরপুর এলাকায় বসবাস করেন। এ ঘটনায় ভুক্তভোগী নাটকের পরিচালক নাসির (৩৫), তার সহযোগী বাবর (৩২) ও অজ্ঞাত (৫৫) একজনকে আসামি করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীপুর থানায় মামলা করেন।