সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সাংবাদিক হত্যায় জড়িতরা কারা,কি ওদের পরিচয়?গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে আমরা অপরাধীদের প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিস্তারিত পরিচয় এবং গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক তুহিনের বড় ভাই অজ্ঞাতদের আসামি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় একটি মামলা করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (এসি) রবিউল ইসলাম বলেন, ‘এক নারীকে নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। সে মানুষের সঙ্গে কৌশলে সম্পর্ক তৈরি করে সন্ত্রাসীদের মাধ্যমে সব লুটে নেয়। সন্ত্রাসীরা তুহিনকে দেখে ফেলে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন ভিডিও মুছতে অস্বীকার করলে তাকে ধাওয়া দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীঘটিত ঘটনা এবং যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। আহত বাদশা মিয়া গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘গাজীপুরের বাসন, ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র আছে, যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে, তারা সবাই ওই দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ফুটেজে যে নারীকে দেখা গেছে, তিনিও ওই চক্রের সদস্য হতে পারেন। চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ওই চক্র ছিনতাই করে। আমরা ধারণা করছি, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওই মেয়ে ছিনতাইকারী দলের একজন সদস্য। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’