গাজীপুরে সাত মাসে ১০২ খুন,আতঙ্কে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধিঃ
সাত মাসে ১০২ খুন,আতঙ্কে সাধারণ মানুষ। গাজীপুরে একের পর এক হামলা, পিটুনি, হত্যা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সবসময় আতঙ্কে থাকেন জেলার বাসিন্দারা। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত সাত মাসে ১০২টি হত্যাকাণ্ড ঘটেছে। যা স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়েছে। এখানে নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ বলে জানায় পুলিশ।

স্থানীয়রা বলছেন, রাজধানীর পার্শ্ববর্তী এই জেলা শিল্প-বাণিজ্যিক অঞ্চল হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষজন বসবাস করেন। বর্তমানে হত্যা ও ছিনতাইয়ের নগরে পরিণত হয়েছে। সকাল-সন্ধ্যা, রাত-ভোর এবং দিনদুপুরে ছিনতাইয়ের পাশাপাশি ঘটছে হত্যাকাণ্ড। প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে ছিনতাই, অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ঘটছে অহরহ। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে ঝরছে প্রাণ, অনেকে হচ্ছেন আহত। চুরি-ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সশস্ত্র সংঘর্ষের মতো অপরাধের হার তুলনামূলক অনেক বেড়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল ইসলাম বলেন, ‘রাতে নগরের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

শিরোনাম