স্টাফ রিপোর্টারঃ
সাবেক সিভিল সার্জনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,ব্যাপক লুট।গাজীপুরের সাবেক সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, প্রায় ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী লুট করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আহত হন তিনজন।
জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে সিটি করপোরেশনের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার ডা. হাফিজুর রহমান খানের বাড়ির সীমানাপ্রাচীর টপকিয়ে ১০-১২ জনের ডাকাতদল ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে। পরে তাকে বেঁধে ফেলে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করেন। এরপর চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।