গাজীপুর প্রতিনিধিঃ
বস্তাভর্তি এনআইডি কার্ড মিললো নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড এবং সিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবু বলেন, ‘স্টেডিয়াম এলাকায় আমি একটি স-মিল করছি। সেটির কাজ চলছিল। এখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালিয়ে আসছি। সন্ধ্যার দিকে কিছু লোক এখানে সাদা একটি গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমরা কয়েকজন গিয়ে বস্তাভর্তি এনআইডি কার্ড দেখতে পেয়েছি। পরে পুলিশে খবর দিই।’