সংবাদ জমিন রিপোর্ট:
‘গায়েবি স্ত্রী’বানিয়ে মামলা দায়ের,শেখ হাসিনাসহ সব আসামির অব্যাহতির সুপারিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় বুকে গুলি লেগে স্ত্রী ফাতেমা নিহত হওয়ার অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মো. সুমন নামে এক ব্যক্তি। তবে পুলিশ তদন্তে গিয়ে জানতে পারে, এমন কোনও ঘটনায় ঘটেনি। ভুক্তভোগী ও বাদী কেউ কাউকে চেনেন না। কিছু ব্যক্তির প্ররোচনায় ও আর্থিক প্রলোভনে মামলা করে বলে পুলিশের কাছে স্বীকার করে সুমন। আসামিদের অব্যাহতির সুপারিশ করে সুমনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রার্থনা করা হয়েছে প্রতিবেদনে।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি আদালতে ওই মামলা করে সুমন। সে নিজেকে ফাতেমার স্বামী বলে পরিচয় দেয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ অগাস্ট মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় বুকে গুলি লেগে ফাতেমা নিহত হন।
মামলায় অপর উল্লেখযোগ্য আসামি হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হারুন-অর-রশীদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস।
এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন– কামরুল ইসলাম, এটি নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, রাসেল মিয়া, সৈকত ইসলাম কামরুল, আব্দুল মুকিত মজুমদার ও বিল্লাল ওরফে ভাতিজা বিল্লাল। তাদের মধ্যে বিল্লাল সন্ধিগ্ধ এবং অপর আসামিরা এজাহারনামীয়। বিল্লাল জামিনে আছেন, বাকিরা কারাগারে।
এদিকে তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। পরে ৮৫ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে গত ২৭ এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। বাদীর বিরুদ্ধে প্রসিকিউশন (মামলা) দায়েরের সুপারিশ করেছেন তিনি।
সোমবার (১১ মে) মামলার দিন ধার্য ছিল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম আগামি ২৪ জুন শুনানির পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।