সংবাদ জমিন রিপোর্টঃ
যুবককে কুপিয়ে হত্যা। রাজধানীর গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৌরভ (২৫)। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ৩-৪ জন ব্যক্তি সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাকে ১০-১১টি কোপ দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, “রাতে সৌরভ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।”