গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেলো এক বাস, ৯ সিএনজি ও দুই মোটরসাইকেল
হবিগঞ্জ প্রতিনিধিঃ
গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেলো এক বাস, ৯ সিএনজি ও দুই মোটরসাইকেল । হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে একটি লোকাল বাস, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্টেশনের দুই কর্মচারী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ‘হোসাইন ইমন-লিমন’ নামের একটি লোকাল বাসে গ্যাস রিফুয়েলিং চলাকালে আচমকা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভস্মীভূত হয় পুরো সিএনজি স্টেশন। ঘটনাস্থলের দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকা ৫-৬ জন কর্মকর্তা-কর্মচারী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পান। অগ্নিকাণ্ডে আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ (২৮) ও রাসেল মিয়াকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে।