সংবাদ জমিন ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী খাদিজার বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় স্বামী হোসাইন (৩০) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘাতক স্ত্রী খাদিজাকে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে।
পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রোববার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে খাদিজা তার স্বামীকে হত্যা করে। পরে ভোরের দিকে স্থানীয় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসি বাসযোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হলে বাসের সুপারভাইজার তাকে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে হস্তান্তর করে। এ সময় ছাত্র সমাজের কাছে খাদিজা স্বামীকে হত্যার কথা স্বীকার করলে তারা তাকে খুলনার হরিণটানা থানায় সোপর্দ করে।
শ্যামনগর ইউএনও ডা. সঞ্জিত দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।