চট্টগ্রাম প্রতিনিধিঃ
২ লাখ ৬৭ হাজার ভবন ভূমিকম্পের ঝুঁকিতে। চট্টগ্রামে ভূমিকম্পে ৬ তলা একটি ভবন পাশের ভবনের দিকে হেলে পড়েছে। নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়ি সড়কের ওই ভবনটি সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ভবনটি হেলে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্প বড় বিপর্যয়ের পূর্বাভাস। এ ছাড়া ভৌগলিক অবস্থানের কারণেও চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি বেশি। অপরিকল্পিত নগরায়নের কারণে বন্দরনগরীতে অসংখ্য বহুতল ভবন ঝুঁকিপূর্ণ। ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্পে বন্দরনগরীর ৭০ শতাংশ বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম নগরে থাকা তিন লাখ ৮২ হাজার ভবনের মধ্যে দুই লাখ ৬৭ হাজার ভবন কম-বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।