নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জনসভা থেকে চুরি গেলো ১৮টি মাইক। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের দিন শনিবার রাতে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জনসভা শেষ হওয়ার পর মাইক্রোফোনটিও হারিয়ে যায়। এ ঘটনায় রবিবার (২৫ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় রবিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সভাকে ঘিরে নগর পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনও ছিলেন নিরাপত্তায়। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে।