বিশেষ প্রতিবেদকঃ
সিইপিজেড এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুনের তীব্রতা বেড়ে চলেছে। আগুন ছড়িয়ে পড়েছে ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত। আগুনের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি কারখানা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছে সেখানকার কর্তৃপক্ষ। আগুন লাগা ভবনের পাশের কারখানা স্মার্ট জ্যাকেটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, ‘আগুনের তাপ পার্শ্ববর্তী কারখানার ভবনে আঘাত করছে। ক্ষতি এড়াতে আমাদের কারখানার ভবনে পানি ছিটিয়ে শীতল করা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে সিইপিজেডের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কারখানাটির ৭ তলায় আগুন লাগে। বর্তমানে ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত পুরোটাই ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নেভাতে যুক্ত হয়েছে- নৌবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। রাত ৮টা পর্যন্ত দীর্ঘ ছয় ঘণ্টায়ও এ আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের লেলিহান বাড়ছেই।