বিশেষ প্রতিবেদকঃ
বন্দর ইজারার সিদ্ধান্ত বাতিল দাবি করে মিছিল, পুলিশের বাধা, অনশনের ডাক। নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) চট্টগ্রাম বন্দরের যেকোনো স্থাপনা দেশি-বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মিছিলটি বন্দর এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ অবস্থায় আগামী ১ নভেম্বর অনশনের ডাক দেন শ্রমিকরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
বুধবার সকালে নগরের আগ্রাবাদ এলাকায় মিছিল ও সমাবেশ করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। মিছিল-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা উপক্ষো করে এসব কর্মসূচি পালন করা হয়। তবে পুলিশের বাধায় তারা বন্দর ভবন পর্যন্ত যেতে পারেনি। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর অনশনের ডাক দেন স্কপ নেতারা।