নিজস্ব প্রতিবেদকঃ
সংঘর্ষে আহত দেড় শতাধিক, ১৪৪ ধারা জারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে দুই দিনে আহত শিক্ষার্থীর সংখ্যা দেড় শতাধিক বলে চবি মেডিক্যাল সেন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। তা থেমে থেমে চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। বর্তমানে পরিস্থিতি কিছুটা শিথিল আছে। ক্যাম্পাসে অবস্থান করছে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক পুলিশ।
আজকের সংঘর্ষে কমপক্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রক্টরও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুদিনে আহতের সংখ্যা প্রায় দেড় শতাধিক। পরিস্থিতি শান্ত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।