নিজস্ব প্রতিবেদক:
চাঁদা না দেয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত নুরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে।
তিনি রাজধানীর মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর তিন বছরের একটি সন্তান রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশ জানায়, চাঁদাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালক নুরে আলমকে মারধর করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।