নিজস্ব প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জে চাচা-ফুফার লালসার শিকার হয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক তরুণী। পিতৃ, মাতৃহীন প্রতিবন্ধী মেয়েটি চরম বিপাকে পড়েছে। বাবার ভিটায় ফুফুর আশ্রয়ে থাকা মেয়েটি উপায়ান্তর না পেয়ে জাতীয় সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে বিষয়টি সর্বত্র জানাজানি হয়। উপজেলার মানিককোনা গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে ওই তরুণী। জন্মের সময় মায়ের মৃত্যু হয়। গত সাত বছর আগে তার বাবা মারা গেলে এতিম হয়ে যায় মেয়েটি। অভিভাবক হিসেবে তার ফুফু মাসুদা বেগম বাড়ি বাড়ি গিয়ে কাজ করে তার লালন পালন করে আসছিলেন। ২০২২ সালে মেয়েটি মানিককোনা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হলে দারিদ্রতার কারণে লেখাপড়া আর চালিয়ে যেতে পারেনি। এক হাতে জন্মগত ত্রুটি থাকায় তাকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছিল। ওই তরুণী জানায়, তার বাবার চাচাতো ভাই ইউপি সদস্য নুরুল ইসলামের লালসার শিকার হয় গত কয়েক মাস পূর্বে।
তার ফুফু মাসুদা বেগম বাড়ি থেকে বেরিয়ে গেলে সে তার ঘরে একা থাকতো। সেই সুযোগে চাচা ইউপি সদস্য নুরুল ইসলাম তার সঙ্গে জোরপূর্বক দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এ ব্যাপারে কাউকে কিছু বললে জানে মেরে ফেলার হুমকি দেয়া হতো তাকে। ঘটনা সহ্য করতে না পেরে বিষয়টি নুরুল ইসলামের স্ত্রীকে জানায় সে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।