সংবাদ জমিন রিপোর্টঃ
চার দিনে ২০ যানবাহনে আগুন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকেই রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে নানা অস্থিরতা, জনমনে বাড়তে থাকে অস্থিরতা।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবিকে। এর মধ্যেই গত চার দিনে ঢাকার বিভিন্ন জায়গায় অন্তত ২০টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫০টিরও বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে গত ১০ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত কয়েক দিন ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা থাকলেও ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী নিরাপত্তা চাদরে ঢাকা ছিল রাজধানী।