চার বছরের অপেক্ষার অবসান, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পর্দা উঠলো
সংবাদ জমিন রিপোর্ট:
চার বছরের অপেক্ষার অবসান, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পর্দা উঠলো। চার বছরের অপেক্ষার অবসান। কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ, স্বপ্ন আর উন্মাদনাকে সঙ্গে নিয়ে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। তিন দেশেই হচ্ছে উদ্বোধনী আয়োজন। এর মধ্যে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ইতিহাস, সংস্কৃতি ও আলোকসজ্জার সমন্বয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয় মেক্সিকোর প্রাচীন মেসোআমেরিকান সভ্যতার নানা অনুষঙ্গ। ওলমেক, মায়া ও অ্যাজটেক সংস্কৃতির ঐতিহ্যবাহী উপস্থাপনার পাশাপাশি আধুনিক মেক্সিকোর সাংস্কৃতিক বৈচিত্র্যও স্থান পায় অনুষ্ঠানে।