বিশেষ প্রতিনিধি:
চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে প্রাণ গেলো চোরের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় এক গৃহবধূকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর হাতে আটক চোর উত্তেজিত জনতার গণধোলাইয়ে মারা গেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আমেনা বেগম। তিনি কেরাবো এলাকার দেওয়ান কামরুজ্জামান বাবুলের স্ত্রী। অপরদিকে গণধোলাইয়ে নিহত ব্যক্তির নাম মেহেদী। তিনি কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকার রেজাউলের ছেলে। পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।