ছাত্রদল নেতার ‘টর্চার সেল’, গান বাজিয়ে চালানো হতো নির্যাতন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ছাত্রদল নেতার ‘টর্চার সেল’, গান বাজিয়ে চালানো হতো নির্যাতন।ময়মনসিংহের তারাকান্দায় হিজবুল আলম জিয়েস নামে এক ছাত্রদল নেতার ‘টর্চার সেলের’ সন্ধান মিলেছে। সেই সেলে সাধারণ মানুষকে ধরে এনে গান বাজিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হিজবুল আলম (২৬) উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে তার নির্যাতনের শিকার হয়ে তারাকান্দা থানায় মামলা করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার। পরে জিয়েস ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার পৃথক সময়ে বানিহালা ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জিয়েস বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ও একই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তবে তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল। গতকাল রাতে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশিত হয়। এর আগে সোমবার ভোরে জিয়েসের দুই সহযোগী রাফি (১৯) ও আবদুল্লাহকে (২০) গ্রেফতার করে পুলিশ।
এদিকে,তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পালের নেতৃত্বে জিয়েসের টর্চার সেলে মঙ্গলবার ভোরে অভিযান চালায় পুলিশ। সেখানে মানুষকে মারধরের দেশি সরঞ্জাম ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেয়েছেন বলে নিশ্চিত করেছেন লিটন চন্দ্র।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘টর্চার সেলে নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত ছাত্রদল নেতা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তদন্ত করে দেখছি আমরা।’