ছোট ভাই হাতুড়ি পেটা করে হত্যা করলো বড় ভাইকে,আটক-৩

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ছোট ভাইয়ের হাতে প্রাণ গেলো বড় ভাইয়ের। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধ নিয়ে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ খানের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত খাজা আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। খাজা আহমেদ দুবাইপ্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যাসন্তানের জনক। অভিযুক্ত শাহজালালও প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশাচালক। চার ভাইয়ের মধ্যে শাহজালাল ছোট।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, ‘জানতে পেরেছি সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে হাতুড়ির আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।’

শিরোনাম