সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মঙ্গলবার গভীর রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের লামার গ্রামের আব্দুল জব্বার রায়পুরী (র.)’র পুরাতন বাড়িতে ডাকাতদল কেচিগেটের তালা কেটে দরজা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।
এ সময় হাফিজ মো. ইয়াহইয়া নামের পরিবারের এক সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করে হাতের ৪টি আঙ্গুল কেটে ফেলে। ডাকাতদল ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপা ও নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ওইদিন রাত ১২টার দিকে একই ইউনিয়নের আমবাড়ি গ্রামের নাজিম আহমদের ঘরে ঢুকে ডাকাতদল। গৃহকর্তা নাজিমকে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতরা তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে নগদ ৪ লাখ ১১ হাজার টকাসহ ৩টি মোবাইল ফোন নিয়ে যায়। আহত হাফিজ মো. ইয়াহইয়া ও নাজিম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সরজমিন গিয়ে ঘটনার বর্ণনা ও আলামত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ নিয়ে জকিগঞ্জ উপজেলায় গত দুই মাসে অন্তত ৪টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনাসহ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে।