জেএসডির জনসভা শেষে নেতাকর্মীরা ফেরার পথে বিএনপির হামলা, গুলিবিদ্ধসহ আহত-১৮
বিশেষ প্রতিনিধি:
জনসভা শেষে নেতাকর্মীরা ফেরার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত-১৮। লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভা শেষ ফেরার পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এ সময় ১৬টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে জেলার রামগতির রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথক এসব হামলার ঘটনা ঘটে। জেএসডি সূত্র জানা গেছে, বিকাল ৪টার সময় আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জেএসডির নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডির নেতাকর্মীরা রওনা হন। এ সময় বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন, লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান, বিদন ও তারেকসহ ১৫ জন। তারা রামগতি উপজেলার বাসিন্দা ও জেএসডির নেতাকর্মী। তাদের নোয়াখালী ও রামগতির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। তবে কাউকে আটক করা হয়নি।