জর্ডানে ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংস ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:
জর্ডানে ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংস ইরানের। ইরান ও ইসরায়েলের যৌথ বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের শুরুতেই মধ্যপ্রাচ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ‘চোখ’ হিসেবে পরিচিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থিত এই রাডারটি ধ্বংসের ফলে উচ্চ-উচ্চতার নজরদারি এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্লুমবার্গ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, জর্ডানের ওই ঘাঁটিতে মোতায়েন করা আরটিএক্স কর্পোরেশনের তৈরি এএন/টিপিওয়াই-২ রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জামগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি মূলত মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার মূল্যের এই রাডারটি বায়ুমণ্ডলের শেষ প্রান্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের দিকনির্দেশনা দিত।
সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার-এর উপ-পরিচালক রায়ান ব্রোবস্ট ব্লুমবার্গকে বলেছেন, থাড রাডারে ইরানের এই আঘাত এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলাগুলোর একটি। যদিও তিনি মনে করেন, মার্কিন বাহিনীর কাছে বিকল্প রাডার রয়েছে, তবে একটি রাডার হারানো মানেই প্রতিরক্ষা ব্যুহতে বড় ধরনের ফাটল।