জামিন দেওয়ায় আদালত চত্বর থেকে আসামিকে অপহরণ,পুলিশের অভিযানে উদ্ধার

মেহেরপুর প্রতিনিধিঃ
জামিন দেওয়ায় আদালত চত্বর থেকে আসামিকে অপহরণ,পুলিশের অভিযানে উদ্ধার। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আদালত চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। এ সময় তাকে গণধোলাই দিয়ে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জামিনে মুক্তি পাওয়া আসামি নুরুজ্জামানকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়ে।

আটক অপহরণকারীরা হলেন, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের লিটন হোসেন (৩৫), জোড়পুকুরিয়া গ্রামের মিঠুন আলী (৩২), জিয়ারুল ইসলাম (৪৫), রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাক (৫১), আসাদুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের জিন্নাত হোসেন (৩২), সাপাত আলী (৫০), রাজ্জাক (৬৫), প্রাগপুর বীরগাছী গ্রামের শিপলু (৪৫) ও মাইক্রোবাস চালক হোসেন আলী (২৫)।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া এলাকা থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের গ্রেফতার করে। নুরুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন করে একটি মামলার প্রক্রিয়া চলছে।

শিরোনাম