সংবাদ জমিন রিপোর্টঃ
জুলাই মাসে ১২ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করা যায়নি। চলতি অর্থবছরের শুরুতেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধাক্কা লেগেছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি তাদের উন্নয়ন প্রকল্পে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, এ ১২ মন্ত্রণালয় ও বিভাগের আওতায় মোট ১৩০টি প্রকল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু মাসজুড়ে কোনও ব্যয় হয়নি। যেসব মন্ত্রণালয় ও বিভাগ ব্যয়ে পিছিয়ে রয়েছে সেগুলো হলো— পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি নিজেই, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংসদবিষয়ক সচিবালয়।