জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট মেনে নিতে পারছি না: সারজিস
বিশেষ প্রতিনিধিঃ
জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট মেনে নিতে পারছি না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে, সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান, মানে এনসিপির কথা বাদই দিলাম, সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা-শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলনমেলা হয়, ওই রকম মিলনমেলা বানানো হয়েছে। না এখানে জুলাইযোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য ওই রকম কোনও মর্যাদার আসন আছে, না কোনও ব্যবস্থা আছে।’
তিনি বলেন, ‘এমন একটা পরিস্থিতিতে এটা যদি তাদের (জুলাই যোদ্ধাদের) নিজেদের ক্ষোভ তৈরি হয়, ওই ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে। কিন্তু এটাকেও অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের মাধ্যমে হোক বলেন নিজেরাই বলেন, অন্যভাবে ডিল করতে পারতো। কিন্তু তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ছুড়েছে, রাবার বুলেট ছুড়েছে, এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল, তাদের সঙ্গে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’