ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বিএনপি কর্মীর
বিশেষ প্রতিনিধি:
জামায়াতের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বিএনপি কর্মীর
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে আট জন আহত হন। পরে সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তরু মিয়ার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। নিহত তরু মিয়া ওই গ্রামের মনসুর আলীর ছেলে। প্রায় দুই যুগ তিনি প্রবাসে ছিলেন। পাঁচ মাস আগে দেশে ফিরে তিনি বিএনপির রাজনীতি সক্রিয় হয়ে পড়েন। তার ছেলে শিপন রহমান গান্না ইউনিয়ন ছাত্রদলের সদস্য।