টাঙ্গাইলে বাড়িতে আনা শ্রমিকের হাতে বৃদ্ধ দম্পতি খু*ন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
টাঙ্গাইল প্রতিনিধি:
বাড়িতে আনা শ্রমিকের হাতে বৃদ্ধ দম্পতি খু*ন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট। টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। অভিযোগের তীর উঠেছে, ধানের চারা রোপণ করতে আনা অজ্ঞাত দুই শ্রমিকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে তাদের নিজ ঘর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতের নাতি শাকিল সিকদার বলেন, ‘গত রবিবার কৃষি জমিতে ধানের চারা রোপণ করার জন্য শরিফ ও সুমন নামের অজ্ঞাত দুই জন শ্রমিক আনা হয়। আমার দাদার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। পরে শ্রমিকরা পায়ে ব্যথা ভালো করার জন্য দাদাকে কবিরাজি ওষুধ খেতে দেয়। গত রাতে দাদার ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়। আর দাদা ও দাদি ঘরের ভেতরে ঘুমান। রাতের কোনও এক সময় ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। এ সময় দাদা ও দাদিকে শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। পরে সকালে তাদের দুই জনকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘ধানের চারা রোপণের জন্য দুই জন শ্রমিক আনা হয়েছিল। ভোর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এই বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনার অজ্ঞাত দুই জন শ্রমিককে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’