টিকটক ভিডিও করতে গিয়ে মিললো অর্ধগলিত লাশ

গাজীপুর প্রতিনিধি:
টিকটক ভিডিও করতে গিয়ে মিললো অর্ধগলিত লাশ। গাজীপুরে শালবনে কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির (২২) একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এটি পুরুষের লাশ বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিকে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে শালবানের ভেতর বেশ কয়েকজন কিশোর টিকটকের ভিডিও করতে যায়। শুটিং করার সময় বনের ভেতরে তীব্র দুর্গন্ধ নাকে আসে। তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া ও কিছু অংশ বের হওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিরোনাম