টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে দু’টি সিএনজির চালকসহ আটজন অপহরণের শিকার হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। গতকাল সকাল ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন শামলাপুর সিএনজি (অটোরিকশার) পরিচালক মো. আবদুর রহিম।
তিনি বলেন, হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দু’টি সিএনজি সকাল ৮টার দিকে ঢালা থেকে ডাকাত দলের সদস্যরা সিএনজি চালকসহ আনুমানিক আটজনকে অপহরণ করে। সেইসঙ্গে ডাকাতদল সিএনজি দু’টির গ্লাস ভেঙে দেয়। এ ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন বলে তিনি জানান। অপরদিকে স্থানীয় ছৈয়দ হোসেন মেম্বার বলেন, সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের মুদির দোকানদার জসিম উদ্দিন নামক এক ব্যবসায়ীকে ২০-২৫ জনের অস্ত্রধারী ডাকাতদল তার দোকান থেকে অস্ত্রের মুখে আটক করে পাহাড়ের দিকে নিয়ে গেছেন।
এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, এ ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। কতজন অপহরণ হলেন সেটার সঠিক তথ্য এখনো জানা যায়নি। সিএনজি দু’টি উদ্ধার করা হয়েছে।