কক্সবাজার প্রতিনিধিঃ
টেকনাফে স্ত্রীর ভাইকে ছুরিকাঘাতে খুন।কক্সবাজারের টেকনাফে শ্বশুরবাড়িতে স্ত্রীর ভাইকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউপি’র পূর্ব পানখালীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক নুরুল আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার নুরুল ইসলামের ছেলে। ঘাতক যুবক একই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে আবদুল্লাহ। তবে ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছে।
জানা যায়, দাম্পত্য কলহের জেরে আব্দুল্লাহ’র স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিল। এতে উভয়ের মধ্যে সম্পর্কের দূরত্ব আরও বাড়তে থাকে। সোমবার রাতে স্ত্রীকে আনতে গেলে অভিভাবক ছাড়া মেয়ে দিবে না বলে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল্লাহ শ্বশুরকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে নুরুল এগিয়ে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।