আন্তর্জাতিক ডেস্ক:
লালগালিচায় স্বাগততম ট্রাম্পকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে বেইজিং এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু এই হাইপ্রোফাইল সম্মেলনে একটি বিষয় বেশ চোখে পড়ার মতো, দুই দেশের প্রতিনিধিদলে নারীর উপস্থিতি নেই বললেই চলে। গ্রেট হল অব দ্য পিপল-এর লালগালিচায় যখন দুই রাষ্ট্রপ্রধান সৌজন্য বিনিময়ে ব্যস্ত, তখন তাদের পেছনে থাকা কর্মকর্তাদের সারিতে পুরুষেরই জয়জয়কার।
প্রেসিডেন্ট ট্রাম্পের দুই দিনের বেইজিং সফরে তার সঙ্গে এসেছেন যুক্তরাষ্ট্রের ১৭ জন প্রভাবশালী ব্যবসায়ী নেতা। এর মধ্যে নারী রয়েছেন মাত্র দুজন, সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার এবং মেটার প্রেসিডেন্ট ডিনা পাওয়েল ম্যাককর্মিক। বাকি ১৫ জনই পুরুষ, যাদের মধ্যে অ্যাপলের টিম কুক, টেসলার ইলন মাস্ক এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের মতো ব্যক্তিত্বরা রয়েছেন। ২০১৭ সালে নিজের প্রথম মেয়াদে যখন ট্রাম্প বেইজিং গিয়েছিলেন, সেবারও তার ২৯ জন ব্যবসায়িক প্রতিনিধির অধিকাংশ ছিলেন পুরুষ।