ডাকসুকে বেশ্যাখানা বলায় সেই জামায়াত নেতার পদ স্থগিত করা হয়েছে
সংবাদ জমিন রিপোর্ট:
ডাকসুকে বেশ্যাখানা বলায় সেই জামায়াত নেতার পদ স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এক সময় ‘বেশ্যাখানা’ ছিল, এমন মন্তব্য করা মো. শামীম আহসানের পদ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। শামীম বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তার (শামীম) মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি এ ধরণের বক্তব্যের দায়ে জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব ধরণের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।