ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী সেই মেয়েকে ‘গণধর্ষণের’হুমকি
ঢাকা প্রতিনিধিঃ
শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী সেই মেয়েকে ‘গণধর্ষণের’হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আলী হুসেন নামে এক ছাত্র। সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনি এমন স্ট্যাটাস দিয়ে হুমকি দেন। পরে ভাইরাল হলে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা তাকে শিবির দাবি করে শাস্তি চেয়েছেন।
জানা গেছে, আলী হুসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী, থাকেন সার্জেন্ট জহুরুল হক হলে। স্ট্যাটাসে ওই শিক্ষার্থী লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে (রিটকারী) গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’ ব্র্যাকেটে তিনি লেখেন, ‘কেউ এসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে ওপরের কথা তার জন্যও প্রযোজ্য।’
স্ট্যাটাসের পরপরই সেই শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত নিয়ে আলোচনা শুরু হলে পোস্টটি ডিলিট করে দেন ওই শিক্ষার্থী। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিওবার্তায় ক্ষমা চান।