ঢাকা প্রতিনিধিঃ
নির্বাচন নিয়ে যা ভাবছেন পরাজিত প্রার্থীরা। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল। শুরুর দিকে নির্বাচন নিয়ে নানা অভিযোগ জানালেও পরে শান্তির বার্তা দিয়েছেন বেশিরভাগ পরাজিত প্রার্থী।
ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছেন। সর্বশেষ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি বলেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন আমাকে জিজ্ঞেস করেছিলেন, ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কোনও সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না, নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন-সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে আসলো।
এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন যায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি, সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সব অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সীদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনও আশা রাখি।