সংবাদ জমিন রিপোর্ট:
ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আজও চিড়িয়াখানায় ভিড়। ঈদুল আজহার ছুটিতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে আলোচিত অ্যালবিনো জাতের সাদা মহিষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে ভাইরাল হওয়া প্রাণীটিকে দেখতে শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ভিড় করছেন নানা বয়সী মানুষ।
বিরল গোলাপি-সাদা অ্যালবিনো জাতের এই মহিষটির মাথায় সোনালি রঙের লোম এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারি শখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন। পরে মহিষটি নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, ফক্স নিউজ থেকে শুরু করে দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট, এএফপি ও রয়টার্সেও এটি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।